জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মুহাম্মদ রিয়াজুল ইসলাম বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, “বর্তমান সরকারকে ভূতে ধরেছে। তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে এবং জনজীবনকে পিছিয়ে দিয়েছে।”
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে তিনি অতীত ও বর্তমান পরিস্থিতির তুলনা টেনে বলেন, “৯০-এর দশকেও সারের জন্য আন্দোলনরত কৃষকদের ওপর গুলি চালানো হয়েছিল। বর্তমানেও তেলের সংকট, বিদ্যুতের ঘাটতি ও গ্যাসের অভাবে দেশের মানুষ চরম দুর্ভোগে রয়েছে। উৎপাদনশীল খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাংক খাত বিপর্যয়ের মুখে পড়ছে।”
তিনি অভিযোগ করেন, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে ক্যাম্পাসে সহিংসতা উসকে দিচ্ছে।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “সরকার যদি তাদের অঙ্গীকার ভুলে যায় এবং জুলাই আন্দোলনের চেতনা উপেক্ষা করে, তাহলে দেশে আবারও গণআন্দোলন গড়ে উঠবে। তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি বলেন, “সরকার যে ক্ষমতায় আছে, তা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত। সেই ত্যাগের প্রতি অবমাননা করা হলে ছাত্রসমাজ তা মেনে নেবে না।”
তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডে সরকার জনমতের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে এবং গণভোটের দাবির প্রতি অবহেলা দেখাচ্ছে।
বক্তারা সরকারকে দ্রুত জনগণের জীবনমান উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং জনরায়ের প্রতিফলন নিশ্চিত করার আহ্বান জানান।
আরো পড়ুন: