জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিএনপি নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে—এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বিএনপি সবসময়ই সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। এ ধরনের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, জামায়াত আমিরের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। তিনি বলেন, দেশে আবারও স্বৈরাচারী ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো চেষ্টা হচ্ছে কিনা, সেটি জনগণকে সতর্কভাবে বিবেচনা করতে হবে।
বিএনপির মহাসচিব দাবি করেন, নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। পাশাপাশি ছাত্র রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার কথাও উল্লেখ করে তিনি সাধারণ শিক্ষার্থীদের এ ধরনের অপরাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দেশের মানুষ জামায়াতের অতীত কর্মকাণ্ড সম্পর্কে অবগত, তাই তারা বারবার তাদের প্রত্যাখ্যান করেছে।
আরো পড়ুন: