ছাত্রদলের ২৯ ইউনিটে একযোগে নতুন কমিটি ঘোষণা

ছাত্রদলের ২৯ ইউনিটে একযোগে নতুন কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ মে, ২০২৬ ১১:২৫

সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে একযোগে ২৯টি ইউনিটে কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগর পর্যায়ে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং পুণ্ড্র বিশ্ববিদ্যালয়-এ আংশিক কমিটি দেওয়া হয়েছে।

এছাড়া জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

মহানগর ও জেলা পর্যায়ে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—এই চার ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর মহানগর এবং নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলায় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। কুমিল্লা মহানগর ও সদর দক্ষিণে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কলেজ পর্যায়ে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি এবং জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক কমিটি দেওয়া হয়েছে। রাজধানীর ঢাকা কলেজে নতুন করে বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে সক্রিয় করতেই এই ব্যাপক কমিটি পুনর্গঠন করা হয়েছে।