জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাদ বাবু ব্যক্তিগত ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।
রোববার (৩ মে) দুপুরে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে এ সিদ্ধান্ত জানান।
সাদ বাবু জানান, ২০১৮-১৯ সাল থেকে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন এবং ২০২১-২২ সালে জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় রাজনীতিতে যুক্ত থাকার কারণে তার ব্যক্তিগত ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, এখন তিনি নিজের ক্যারিয়ার গঠনে মনোযোগ দিতে চান এবং আর রাজনীতিতে ফিরতে চান না। তিনি জামালপুর জেলা ও মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলকে তার সিদ্ধান্ত অবহিত করেন এবং ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
এ বিষয়ে সাদ বাবু বলেন, “রাজনীতিতে সময় দিয়ে আমার ক্যারিয়ারের অনেক ক্ষতি হয়েছে। এখন আমি ক্যারিয়ারের দিকে নজর দিতে চাই, তাই রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছি।”
জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, “তার রাজনীতি ছাড়ার বিষয়টি আমার জানা নেই।”
আরো পড়ুন: