সরকার অতিরিক্ত রাজনীতিকরণে ব্যস্ত : ডা. শফিকুর রহমান

সরকার অতিরিক্ত রাজনীতিকরণে ব্যস্ত : ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১৪:৫৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার অতিরিক্ত রাজনীতিকরণে (পলিটিসাইজ) ব্যস্ত থাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথাযথ মনোযোগ দিতে পারছে না।

শনিবার (৯ মে) সকালে সাত দিনের জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে হত্যাসহ একাধিক হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনায় দ্রুত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, “সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।” এ সময় তিনি এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।

জাপান সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাপান বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, জাপানে অবস্থানরত প্রবাসীরা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এছাড়া তিনি আহতদের চিকিৎসা নিয়েও কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ব্যাংককে চিকিৎসাধীন আহতদের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করা উচিত এবং এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ পরিস্থিতি ও সীমান্ত ইস্যু নিয়েও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নিরীহ মানুষের ওপর কোনো ধরনের জুলুম কাম্য নয় এবং সীমান্তে ‘পুশ-ইন’ পরিস্থিতি নিয়ে সতর্ক নজর রাখা হচ্ছে।

বিমানবন্দরে পৌঁছালে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।