ঢাকা-২ আসনের সংসদ সদস্য, সাবেক ডাকসু ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, 'আমরা জনগণের সেবক হিসেবে জনগণের কল্যাণে কাজ করছি এবং ভবিষ্যতেও করবো। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।'
রোববার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১১টি নবনির্মিত রাস্তার উদ্বোধন ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমান বলেন, 'বিএনপি জনগণের দল এবং জনগণের সেবায় নিয়োজিত। উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দলটি জনগণের পাশে রয়েছে।'
তিনি বলেন, 'তেঁতুলঝোড়াসহ কোনো এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি চলবে না। এই এলাকা হবে শান্তির নীড়, ঢাকা-২ আসন হবে শান্তির ঠিকানা।'
মাদকবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, 'দলীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলে কার্যক্রম চলছে। তেঁতুলঝোড়া, ভাকুর্তা, আমিনবাজারসহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।'
উদ্বোধিত ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- পশ্চিম ব্যাংকটাউন ও ডেলিগেটস গার্মেন্টস রোড, আরিচা রোড থেকে রাজাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা, রাজাঘাট লতিফের বাড়ির রাস্তা, নালিয়াশুর (ভাউনা ব্রিজ) রাস্তা, হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, যাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা ও ভাকুর্তা সংযোগ সড়কসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কাজ।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Tag:
আরো পড়ুন: