জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, 'বর্তমান সরকারের ঘাড়ে আওয়ামী ভূত চেপে বসেছে। তারা এখন ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন।'
সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে আট শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, 'জনগণ জানে আপনারা কীভাবে ক্ষমতায় এসেছেন। রাতের ভোট গণনায় কারচুপি করে ক্ষমতায় এসেছেন। মানুষ ভোট দিয়েছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে আর আপনারা পাস করেছেন। এখন আপনাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, গণভোটের রায় মেনে নিয়ে সংসদে সমাধান করুন এবং সংবিধান সংস্কার করুন। আপনাদের ঘাড়ে আওয়ামী ভূত চেপে বসেছে। আপনারাও ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছেন।'
বর্তমান সরকার বিগত দিনে পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল মন্তব্য করে তিনি বলেন, 'আমরা সেই অশনিসংকেত আবারও দেখতে পাচ্ছি। বিভিন্ন অত্যাচারে জনগণ অতিষ্ঠ। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে সরকার লুটপাট করেছে।'
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমানসহ অন্যরা।
Tag:
আরো পড়ুন: