বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে কার্যকর ও অর্থবহ করার বিষয়টি গুরুত্ব পায়।
এছাড়া সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও উভয়পক্ষ আলোচনা করেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বৈঠকে ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এসময় ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম।
আরো পড়ুন: