জিয়াউর রহমান স্মরণে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির

জিয়াউর রহমান স্মরণে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ১৫:০৭

আপডেট: ১৮ মে, ২০২৬ ২১:১২

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি জানান, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা আয়োজন।

রিজভী আরও বলেন, ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। একই দিন বেলা ১১টায় বিএনপি চেয়াপারসন ও জাতীয় নেতাদের নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

৩১ মে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের সব জেলা ও মহানগরীতে দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

বিএনপির এই কর্মসূচি ১ জুন পর্যন্ত চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।