দেশে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল

দেশে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৬ ১৪:০৩

দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এসব ঘটনাকে সমাজের গভীর নৈতিক অবক্ষয়ের ফল হিসেবে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব অপরাধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিনের সামাজিক অবক্ষয়, দায়িত্বহীনতা ও মানবিক মূল্যবোধের পতনের ফল।

মির্জা ফখরুল বলেন, শুধু আইন প্রয়োগ বা সরকারি উদ্যোগ দিয়ে এই সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব নয়। এজন্য প্রয়োজন একটি শক্তিশালী সামাজিক আন্দোলন, যেখানে পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম এবং সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, শিশুদের মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর প্রতি সম্মান শেখানো জরুরি। নিরাপদ সমাজ গঠনে শিশুদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করা।