অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন মির্জা ফখরুল

অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ১৪:৪৬

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার তা বাস্তবায়নে কাজ করছে। তিনি দাবি করেন, ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী বছর থেকে ভর্তি কার্যক্রম চালু হবে। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর লক্ষ্যেও কাজ চলছে।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে। উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং পিছিয়ে থাকা এলাকার রাস্তা-ঘাট পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।

অনুষ্ঠানে প্রয়াত রাজনৈতিক নেতাদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, অনেক প্রবীণ নেতা আজ আর জীবিত নেই, তবে তাদের অবদান মানুষ চিরকাল স্মরণ করবে।

তিনি তরুণদের উদ্দেশে বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের আগে তিনি রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।