রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ জুন, ২০২৬ ২২:৪৬

রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। সোমবার রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত বিল্লাল হোসেন তালুকদারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব পাপ্পা সিকদার এ তথ্য জানান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, 'মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে সেটি তারা তদন্ত করে দেখছেন।'

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। তিনি কোনো একটি সালিশ বৈঠকে অংশ নেওয়ার জন্য মৌচাকে যান। সেখানে বাগবিতণ্ডার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়।