সরকারি টাকায় ঢাকার দুই সিটি প্রশাসক নির্বাচনি প্রচার চালাচ্ছেন: আসিফ মাহমুদ

সরকারি টাকায় ঢাকার দুই সিটি প্রশাসক নির্বাচনি প্রচার চালাচ্ছেন: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ২২:৫৪

ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসক সরকারি টাকায় নির্বাচনি প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। ঢাকা উত্তর সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীবের উদ্যোগে এবং এনসিপির ঢাকা মহানগর উত্তরের পরিবেশ ও জলবায়ু সেলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

আসিফ মাহমুদ বলেন, 'সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসক নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। এনসিপির পক্ষ থেকে পাঁচ দফা দাবি দেওয়া হয়েছে। তারা (প্রশাসকরা) চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তারা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরকে দূষিত করছেন। আবাসিক এলাকা, এমনকি মেট্রো স্টেশনেও গরুর হাট বসানো হয়েছে। এই অব্যবস্থাপনাই প্রমাণ করে তারা মেয়র হওয়ার যোগ্য নন।'

তিনি বলেন, 'বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে। যা স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের ব্যর্থতা, কারণ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ আছে।'

স্থানীয় নির্বাচনে এনসিপি একক ভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, 'জোটগতভাবে তারা নির্বাচনে যাবেন কি না তা তফসিলের পর দলগুলোর সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'

এনসিপির সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ আলম প্রমুখ। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম সদস্যসচিব আবু বকর ও সহ-সাংগঠনিক সম্পাদক নুর আমিন খান।

এনসিপি ঢাকা মহানগর উত্তরের পরিবেশ ও জলবায়ু সেল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচিটি বাস্তবায়ন করছে।