যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় নওগাঁয় আনন্দ মিছিল

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় নওগাঁয় আনন্দ মিছিল
ছবি: বাসস।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ২২:৫৭

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে নওগাঁ জেলা যুবদল। বুধবার বিকেলে নওগাঁ শহরের কেড়ির মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ ও রুবেল হোসেন, ময়নুল হক লিটন, রুহিনুল ইসলাম, নাসিম ইকবালসহ প্রমুখ।

এছাড়া, মিছিলে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এই কমিটি অনুমোদনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে বলে আশা ব্যক্ত করেন। 

এছাড়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা এবং তরুণ নেতৃত্ব বিকাশে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

আনন্দ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সমর্থন ও শুভেচ্ছা প্রকাশ করেন এবং নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।