হাইকমিশনারের বক্তব্য নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাইল জামায়াত আমির

হাইকমিশনারের বক্তব্য নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাইল জামায়াত আমির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১৫:৫৩

আপডেট: ১৩ জুন, ২০২৬ ১৫:৫৬

বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য নিয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর ভারতীয় হাইকমিশনারের একটি বক্তব্য তাদের নজরে এসেছে। ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা সরকারের উচিত হাইকমিশনারের কাছ থেকে স্পষ্টভাবে জানা।

তিনি বলেন, ভারত যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। তাই এমন বক্তব্যের ব্যাখ্যা পরিষ্কার না হলে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে।

জামায়াত আমির আরও বলেন, দুই দেশের সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো ধরনের অস্পষ্টতা থাকা উচিত নয়।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি দ্রুত পরিষ্কার করে জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। যদি বক্তব্যের মাধ্যমে দুই দেশের একীভূত হওয়ার কোনো ইঙ্গিত দেওয়া হয়ে থাকে, তাহলে তা গ্রহণযোগ্য নয়।