বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে: আলাল

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে: আলাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ২০:২০

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্ক করে বলেছেন, 'বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হতে হবে জাতীয় স্বার্থ ও মর্যাদাকে অগ্রাধিকার দিয়ে।'

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

আলাল বলেন, 'বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ। কেউ এ দেশে এলে তাকে বরণ করে নেওয়া হয়। তবে কেউ যদি দীর্ঘদিন থাকতে চায়, তাহলে তাকে বিদায় করার উপায়ও এ দেশের মানুষ জানে।'

ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, '১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা বাংলাদেশের মানুষ স্বীকার করে।'

তবে ভিয়েতনাম ও আফগানিস্তানের উদাহরণ টেনে আলাল বলেন, 'সেখানে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া টিকে থাকতে পারেনি। বাংলাদেশে ঢোকা অত্যন্ত সহজ, বাংলাদেশ থেকে বের হওয়া এর চেয়ে কষ্টকর।'

সীমান্তে ‘পুশইন’ প্রসঙ্গে তিনি বলেন, 'এ বিষয়ে যদি এত আগ্রহ থাকে, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেওয়া যেতে পারে, কারণ তার বাড়ি বরিশালে। তাকে সম্মানের সঙ্গে আতিথ্য দেওয়া হবে। আমরা আপনাদের মতো আচরণ করি না।'

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, 'ভারতে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা হচ্ছে এবং সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচার চালানো হচ্ছে, যা সারা বিশ্বে নিন্দিত হচ্ছে।'

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।