জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল : মির্জা ফখরুল

জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১৭:৪৫

জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের সমর্থনে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। তাই দলের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়। বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না এবং গত ৫০ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে দীর্ঘ সময় বিদেশে নির্বাসিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। দুই দেশের স্বার্থ রক্ষা করে নতুন চুক্তি সম্পন্নের পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে।

এর আগে স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকারের মাত্র তিন মাসের মধ্যেই বিভিন্ন উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ভাতার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পরে তিনি মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর উত্তর ইসলামপুর–মোল্লারচর কাঠেরপুলের পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।