দেশে উসকানিমূলক পরিস্থিতি তৈরির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

দেশে উসকানিমূলক পরিস্থিতি তৈরির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ১৮:৩১

প্রধানমন্ত্রীর আসন্ন দুই দেশের সফরকে কেন্দ্র করে দেশে উসকানিমূলক পরিস্থিতি তৈরির ইঙ্গিত পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২০ জুন) রাজধানীর রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: চ্যালেঞ্জ, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “প্রধানমন্ত্রীর দুটি দেশ সফরকে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে, দেশে নানাভাবে উসকানির একটি আবছা ইঙ্গিত পাচ্ছি।”

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে এবং জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবাইকে বন্ধু হিসেবে বিবেচনা করার নীতিই দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন।

রিজভী আরও বলেন, সরকারের ঘোষিত আইসিটি খাতের উন্নয়ন পরিকল্পনা যেমন ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ এবং ‘ওয়ান ডিজিটাল, ওয়ান ওয়ালেট’—এগুলো রাষ্ট্রীয় কাঠামোকে প্রযুক্তিনির্ভর করতে সহায়তা করবে।

এ সময় ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।