মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৯:৪৪

আপডেট: ২১ জুন, ২০২৬ ১৯:৪৪

মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার রাতে উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে উপজেলা বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার রাতেই তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। একইসঙ্গে ঘটনাটির সুষ্ঠু তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

শনিবার রাতে তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর উপজেলা বিএনপি সাংগঠনিক ব্যবস্থা হিসেবে মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়া বিএনপি নেতা সাইদুল ইসলামকে সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এছাড়া গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটিও বিলুপ্ত করে এসএম কায়কোবাদকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

ওই অব্যাহতি পত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাইদুল ইসলামকে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িক ভাবে অব্যাহতি দেওয়া হলো। তার সঙ্গে দলীয় কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হলে সেটি তার ব্যক্তিগত দায় হিসেবে গণ্য করা হবে।

এ ব্যাপারে সাইদুল ইসলাম বলেন, 'ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাটি পরিকল্পিত। শনিবার বিকেলে তদন্ত হয়েছে। আমার পক্ষে বেশির ভাগ লোকজন কথা বলেছেন। তদন্ত কমিটির সদস্যরা চলে যাওয়ার পর আমাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে চিঠি পেয়েছি। ইউনিয়ন বিএনপির কমিটি ভেঙে দেওয়ার বিষয়টিও আমি জেনেছি।'

এ বিষয়ে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, 'মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সাইদুল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাকে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।