রাজধানীতে ১১ দলের সমাবেশ মঙ্গলবার, বিক্ষোভ কর্মসূচির ঘোষণা

রাজধানীতে ১১ দলের সমাবেশ মঙ্গলবার, বিক্ষোভ কর্মসূচির ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১৩:৩১

গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।

সোমবার (২২ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থান বর্ষ ঘিরে নতুন কর্মসূচিও ঘোষণা করবে জোটটি।

এর আগে সকালে মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে একটি রাজনৈতিক দলের মধ্যে অতীতে সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার প্রবণতা ছিল। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ধীর ও দুর্বল হওয়ায় জনগণের মধ্যে বিচার পাওয়া নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

হামিদুর রহমান আজাদ আরও বলেন, দেশে আবারও ফ্যাসিবাদী প্রবণতা দেখা যাচ্ছে। সরকার যদি নিজেদের সংশোধন না করে, তাহলে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারকে দায়ী করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনগণই বিকল্প সিদ্ধান্ত নেবে।