দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা চলছে: রিজভী

দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা চলছে: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ১২:১০

বিগত সরকারের আমলে চুরি ও পাচার করা লক্ষ কোটি টাকা ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, যারা জনগণের জীবন থেকে স্বাভাবিক জীবনযাপন ও অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন আবার নানা কৌশলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং অবাধ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে।

বিএনপি নেতা আরও বলেন, অতীতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে, গুম-খুনের ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, এখন আবার সেই পরিস্থিতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে।

রিজভী বলেন, দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, তবে জনগণ এখন ঐক্যবদ্ধ।

তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের অশুভ কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।