সংসদকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত না নিতে আহ্বান শফিকুর রহমানের

সংসদকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত না নিতে আহ্বান শফিকুর রহমানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬ ১৭:৫২

সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে উপস্থাপন করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনা করা উচিত।

তিনি আরও বলেন, “এই দেশ আমাদের সবার। আমরা সত্যিকার অর্থে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দেখতে চাই এবং তা বাস্তবায়ন করতে চাই।” একইসঙ্গে তিনি সরকারের সঙ্গে সহযোগিতার আশ্বাস দেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদকে পাশ কাটিয়ে কিছু করা উচিত নয়। সব সিদ্ধান্ত যেন সংসদের ভেতরেই হয়। এতে জনপ্রতিনিধিরা চুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং সরকার ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক আরও দৃঢ় হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে তিনি এ বক্তব্য দেন।