জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে: নাহিদ

জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে: নাহিদ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১৪:২২

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে, যা আরও দ্রুত করা প্রয়োজন। তিনি ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং শেখ হাসিনার বিচার কার্যকর করার আহ্বানও রাখেন।

বুধবার (১ ‍জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর না খুললে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে

তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন যথেষ্ট নয়; জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং রাষ্ট্র কাঠামোর সংস্কার জরুরি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। তিনি দ্রুত কর্মসূচি ঘোষণার আহ্বান জানান।

এ সময় তিনি ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করেন। ইনুর সাজা প্রসঙ্গে তিনি বলেন, “মাত্র ১০ বছরের সাজা যথেষ্ট নয়।”