এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয়: রিজভী

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয়: রিজভী
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬ ২১:২৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, 'কৃত্রিম ভাবে বিভাজন তৈরি করা যায়। কিন্তু এ দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে লড়াই করে অভ্যস্ত। তাই এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয়।'

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, 'ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এ দেশের সব মানুষ একসঙ্গে লড়াই করেছে।'

তিনি বলেন, 'জুলাইয়ের গণআন্দোলনে শুধু মুসলিমরাই গুলি খায়নি; হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান- সব সম্প্রদায়ের মানুষই গুলি খেয়েছে ও রক্ত দিয়েছে। তাই দেশ গঠনেও এখন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'

বিএনপির এই সিনিয়র নেতা দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, 'জনগণের ভোটাধিকার এবং একটি জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।'

সভায় ঢাকা মহানগর বিএনপি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।