৬ জুলাই থেকে শুরু হচ্ছে এনসিপির জুলাই পদযাত্রা

৬ জুলাই থেকে শুরু হচ্ছে এনসিপির জুলাই পদযাত্রা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ১৮:৫৮

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী ৬ জুলাই থেকে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৪ জুলাই) বিকেলে দেশব্যাপী কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ২০২৫ সালেও জুলাই পদযাত্রা করা হয়েছিল। এবার ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্থানীয় পর্যায়ে সব স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে সমাবেশ ও কনসার্টের আয়োজন থাকবে।

তিনি জানান, স্থানীয় নির্বাচনের জন্য চিহ্নিত ১০০টি উপজেলা ও পৌরসভায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সারের দাম বৃদ্ধি এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে বিষয়গুলোও কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকবে।

সারজিস আলম আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করা হবে। ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে জাতীয় কৃষকশক্তির আত্মপ্রকাশ ঘটবে।

আগামী সোমবার গাজীপুরের কালীগঞ্জ এবং সাভার উপজেলায় পদযাত্রা শুরু হবে। এরপর মঙ্গলবার কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা শুরু করা হবে বলেও তিনি জানান।