সংস্কার-শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কার-শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ২১:০৩

আপডেট: ১২ জুলাই, ২০২৬ ২২:০৩

যদি সংস্কার ও শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করবো বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

রোববার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাবো। বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করবো।'

তিনি বলেন, 'শেখ হাসিনার বিচার এখনো সম্পন্ন হয়নি। আওয়ামী লীগের যেসব নেতা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে। যদি সংস্কার ও শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, তাহলে বিএনপি সরকারের পতনও আমরা ঘটাবো। ইনশাআল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাবো এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করবো।'

তিনি আরও বলেন, 'যারা মিডিয়ায় নানা কথা বলছেন, যারা মন্ত্রী-এমপি হয়েছেন, এত গরম দেখাবেন না। আমরা যদি গরম দেখাতে শুরু করি, শেখ হাসিনা তো দিল্লিতে পালিয়েছে, আপনারা কোথায় পালাবেন? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাবেন না। আমরা ভদ্র আচরণ করছি, কারণ আমরা একটি সভ্য বাংলাদেশ গড়তে চাই। কিন্তু কেউ যদি সুযোগ নিয়ে বেশি বাড়াবাড়ি করেন, কীভাবে টেনে নামাতে হয়, তা আমাদের জানা আছে। আপনাদের যে ভূত এসেছে- রামভূত, দিল্লির ভূত, চাঁদাবাজির ভূত- ইনশাআল্লাহ আমরা সেই ভূত নামিয়ে ফেলবো।'

সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'উপরে আল্লাহ আছেন। আমরা যে ধর্মই মানি না কেন, আমরা বিশ্বে শান্তি চাই। দক্ষিণবঙ্গে বন্যায় ৩৯ জন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। কিন্তু ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রীকে বন্যাকবলিত মানুষের পাশে দেখা যায়নি। নির্বাচনের আগে তারা নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না। তারা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ব্যস্ত।'

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'ভারতে যারা গেরুয়া সন্ত্রাস, বিজেপি ও আরএসএসের গুন্ডাবাহিনী রয়েছে, তাদেরও আমরা হুঁশিয়ার করে দিতে চাই। বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালে লড়াই করেছে। যত ষড়যন্ত্রই হোক, বাংলাদেশে তা সফল হবে না। বাংলাদেশ স্বাধীন আছে, থাকবে। বাংলাদেশের মানুষ লড়াই করে যাবে, কিন্তু কখনো ভারতের গোলাম হবে না।'

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ অন্যরা বক্তব্য রাখেন।