শহীদ আবু সাঈদের কবরে ছাত্রদল সভাপতির শ্রদ্ধা নিবেদন

শহীদ আবু সাঈদের কবরে ছাত্রদল সভাপতির শ্রদ্ধা নিবেদন
সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬ ১৭:২২

আপডেট: ১৬ জুলাই, ২০২৬ ১৭:২৫

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে রাকিবুল ইসলাম রাকিব শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে খোঁজখবর নেন। তাদের বিভিন্ন দাবির কথা শুনে সেগুলো সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন।

এ সময় রংপুর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নেওয়াজ জোহাসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে রংপুর থেকে পীরগঞ্জের বাবনপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হন ছাত্রদল সভাপতি।

এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদলের উদ্যোগে একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় নেতারা।