এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের ভিত্তিতে হচ্ছে না: রিজভী

এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের ভিত্তিতে হচ্ছে না: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৭:১৪

আপডেট: ১৯ জুলাই, ২০২৬ ১৭:১৮

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের সুযোগ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিএনপি। এ বিষয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনে কে অংশ নিতে পারবেন বা পারবেন না, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশন ও আদালতের।

রোববার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বিএনপির ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্য কোনো রাজনৈতিক দল কী বলেছে, তা এ ক্ষেত্রে বিবেচনার বিষয় নয়। এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের ভিত্তিতে হচ্ছে না। তাই আইন অনুযায়ী কারা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য, তা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের।

এ বিষয়ে বিএনপি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপরই আস্থা রাখছে বলে জানান তিনি।

প্রতীকবিহীন নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া কেমন হবে—এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তিনি জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বিএনপির আগামী জাতীয় কাউন্সিল প্রসঙ্গে রিজভী বলেন, দলের চেয়ারম্যান ও মহাসচিব ইতোমধ্যে সম্মেলন আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন। খুব দ্রুত কাউন্সিলের তারিখ চূড়ান্ত করে প্রকাশ করা হবে।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দেশের গণতন্ত্র শক্তিশালী করার লক্ষ্যেই এ আন্দোলন হয়েছে।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির নেতৃত্বে দীর্ঘদিনের আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন।

রিজভী আরও বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এ বিজয় বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।