প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১১:৫৮

প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খান। সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক এ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. রাশেদ খানকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—ততদিন তিনি চুক্তিভিত্তিকভাবে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

নিয়োগের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, তিনি প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

তিনি এ দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।