শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর কোথায় ছিলেন এবং তাকে কারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তা জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর নয়াপল্টনের আনন্দ ভবনে যুবদলের সাবেক সহসভাপতি প্রয়াত জাকির হোসেন নান্নুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রশ্ন তোলেন।
রিজভী বলেন, জিয়াউর রহমান হত্যা মামলায় অভিযুক্ত একজন ব্যক্তিকে চার দশকের বেশি সময় পর গ্রেপ্তার করা হয়েছে। এখন জনগণের সামনে পরিষ্কার হওয়া দরকার— এতদিন তিনি কোথায় ছিলেন, কারা তাকে নিরাপত্তা দিয়েছে এবং কীভাবে তিনি আইনের আওতার বাইরে ছিলেন।
তিনি বলেন, মেজর (অব.) মোজাফফর হোসেনের দীর্ঘ আত্মগোপনের পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করা প্রয়োজন।
এ সময় রিজভী কাদের সিদ্দিকীর অতীত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, ওই সময়ে তিনি বিদেশে অবস্থান করেছিলেন এবং অস্ত্র পেয়েছিলেন। দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে কারা ব্যবহার করেছিল, সেটিও খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনে মুগ্ধ, ওয়াসিফ, আবু সাঈদসহ অনেক শিক্ষার্থী ও তরুণের ওপর হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগের যেসব নেতাকর্মী পরে ভারতে গেছেন, তাদের আশ্রয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পরও গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, ন্যায়ের পথে যারা অবিচল থাকে, শেষ পর্যন্ত তারাই সফল হয়। তাই দলের আদর্শ ধারণ করে নেতাকর্মীদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: