নারী ক্রিকেটারদের সুখবর দিল বিসিবি

নারী ক্রিকেটারদের সুখবর দিল বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ১৮:৪৬

নারী দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবির সভায় বেতন বৃদ্ধির সিদ্ধান্ত এখন এলেও, কেন্দ্রীয় চুক্তির চার ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের এই ইনক্রিমেন্ট কার্যকর হবে গত জুলাই থেকে।

নতুন বেতন কাঠামোতে নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে। সর্বনিম্ন বেতন ৮০ হাজার টাকা। ১৫ নারী ক্রিকেটারকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। নতুন বেতন কাঠামো কার্যকর হবে চলতি বছরের জুলাই মাস থেকে। আগামী বছরের জুন পর্যন্ত এই কাঠামো চালু থাকবে।

এর আগে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ছিল ১ লাখ ২০ হাজার টাকা করে, যা ৪০ হাজার বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৩৫ হাজার বাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা করা হয়েছে। ‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার টাকায়।

‘ডি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া জাতীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন আগের মতো ৩০ হাজার টাকাই রাখা হয়েছে। চুক্তিতে থাকা ১৫ ক্রিকেটারের বাইরে থেকে কেউ জাতীয় দলে এলে তারা মাসে ৬০ হাজার টাকা করে বেতন পাবেন। এছাড়া জাতীয় দলের অধিনায়ক ৩০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক মাসে বাড়তি পাবেন ২০ হাজার টাকা।

নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার- নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও শারমিন আক্তার সুপ্তা।

‘বি’ ক্যাটাগরিতে আছেন- ফারজানা হক পিংকি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। এছাড়া ‘সি’ ক্যাটাগরিতে ক্রিকেটার একজনই– স্বর্ণা আক্তার।

‘ডি’ ক্যাটাগরিতে আছেন- সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার মেঘলা এবং নিশিতা আক্তার নিশি।