ফিফা র‍্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের অবনতি

ফিফা র‍্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের অবনতি
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ২১:৩৯

ফিফা নারী র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দল ৮ ধাপ পিছিয়েছে। আগের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১০৪তম, তখন ঋতুপর্ণাদের দুর্দান্ত পারফরম্যান্সে এক লাফে ২৪ ধাপ উন্নতি হয়েছিল। তবে এবার ঠিক উল্টো চিত্র পিটার বাটলারের দল একসঙ্গে ৮ ধাপ নেমে ১১২তম স্থানে চলে এসেছে।

সাম্প্রতিক ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে বাংলাদেশের পর পর দুই হারের প্রভাব র‍্যাঙ্কিংয়ে স্পষ্ট ভাবে পড়েছে। মালয়েশিয়ার কাছে ১-০ এবং আজারবাইজনের কাছে ২-১ গোলে পরাজয়ের ফলে পয়েন্ট কমেছে।

গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে যথারীতি স্পেন শীর্ষে, তার ঠিক পরেই যুক্তরাষ্ট্র। ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে, আর আর্জেন্টিনার অবস্থান ৩০তম। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত ৬৭ এবং নেপাল ৮৯ নম্বরে আছে।

এদিকে, আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপে প্রথমবার খেলতে যাচ্ছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। এই তিন দলের মধ্যে উত্তর কোরিয়া এক ধাপ উঠে ৯ নম্বরে আছে। উজবেকিস্তান তিন ধাপ এগিয়ে ৪৯তম স্থানে, আর চীন এক ধাপ পিছিয়ে এখন ১৭তম হলেও টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হিসেবেই পরিচিত।