ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলায় ৩ শঙ্কা আইসিসি'র

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলায় ৩ শঙ্কা আইসিসি'র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬ ১৮:২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ইস্যুতে নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগ্রহী নয় বাংলাদেশ। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চিঠির জবাবে আইসিসি জানিয়েছে- ভারতে গিয়ে বাংলাদেশ দলের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে তিনটি নিরাপত্তা শঙ্কা রয়েছে। আইসিসির নিরাপত্তা টিম বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনটি পরামর্শ দিয়েছে।

এক. বাংলাদেশ দলের তারকা পেসার বোলার মোস্তাফিজুর রহমানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত না করা। 

দুই. বাংলাদেশ দলের জার্সি ও পতাকা নিয়ে দর্শকদের চলাফেরায় সতর্ক করা হয়।

তিন. বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ততটা ঝুঁকিপূর্ণ। 

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, 'আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠি দিয়েছে। তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়বে। প্রথমত, মুস্তাফিজ যদি বাংলাদেশ দলে অর্ন্তভুক্ত হয়, দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা ভারতে জার্সি পরে ঘোরাফেরা করলে, তৃতীয়ত নির্বাচন যত এগিয়ে আসবে তত বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বৃদ্ধি পাবে।'

আইসিসির এই নিরাপত্তা পর্যবেক্ষণ নিয়ে ক্রীড়া উপদেষ্টার মন্তব্য, 'আমরা আমাদের শ্রেষ্ঠ বোলার বাদ দিয়ে দল করব, সমর্থকরা জার্সি পরতে পারবে না, ক্রিকেটের জন্য নির্বাচন পিছিয়ে দেব- এর চেয়ে উদ্ভট ও অবাস্তব, অযৌক্তিক কিছু হতে পারে না।'