আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা আবারও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বোর্ড বলেছে, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার সুরক্ষা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
মঙ্গলবার দুপুরে আইসিসির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগের সিদ্ধান্ত থেকে তারা সরে আসেনি। বৈঠকে আইসিসির পক্ষ থেকে বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হলেও বিসিবি তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে।
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হওয়ার কথা রয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে বিসিবি আগেই আইসিসিকে জানিয়েছিল যে, তারা ভারতে গিয়ে ম্যাচ খেলতে প্রস্তুত নয়।
আইসিসি বাংলাদেশের সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানালেও বোর্ড জানিয়েছে, বর্তমান বাস্তবতায় সেই অবস্থান থেকে সরে আসার সুযোগ নেই। বিসিবির পক্ষ থেকে বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য আইসিসিকে আহ্বান জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বিসিবিও বলেছে, সমাধান খুঁজে বের করতে তারা আইসিসির সঙ্গে গঠনমূলক সংলাপ চালিয়ে যাবে।
বিসিবি আরও জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা তাদের দায়িত্বের অংশ। এ কারণেই তারা সতর্ক অবস্থান নিয়েছে এবং এই ইস্যুতে কোনো আপস করবে না।
বিশ্লেষকদের মতে, বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের সূচি পরিবর্তন জটিল হলেও খেলোয়াড়দের নিরাপত্তা এখন ক্রিকেট প্রশাসনের অন্যতম প্রধান বিবেচ্য বিষয়। বাংলাদেশের অবস্থান বিশ্ব ক্রিকেটে নিরাপত্তা সংক্রান্ত আলোচনাকে নতুন করে সামনে আনতে পারে বলে মনে করছেন তারা।
আরো পড়ুন: