বাটলারের ‘বাতিল সাবিনা-কৃষ্ণারা’ ভারতকে হারালো

বাটলারের ‘বাতিল সাবিনা-কৃষ্ণারা’ ভারতকে হারালো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬ ১৮:০৯

আপডেট: ১৫ জানুয়ারি, ২০২৬ ১৮:১৭

নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার যাদেরকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন তারাই এবার হারালো প্রতিপক্ষ ভারতকে। ৩-১ গোলের ব্যবধানে ভারতকে হারালো সাবিনা-কৃষ্ণারা।

বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককের হুয়া ম্যাক ইনডোর স্টডিয়ামে নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করেন। অন্য গোলটি আসে মাতসুশিমা সুমাইয়ার পা থেকে।

প্রথমার্ধেই দুটি গোল করে বাংলাদেশ। দুটি গোলই আসে সাবিনা খাতুনের পা থেকে। ৭ ও ১৩ মিনিটে গোল দুটি করেন তিনি। তৃতীয় গোলটি করেন মাতসুশিমা সুমাইয়া দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটে।

৪০ মিনিটে ভারতের মেয়েদের হয়ে একটি গোল শোধ করে ব্যবধান কমান আর্য ধনঞ্জি মোর। শেষ পর্যন্ত পরাজিত হয়েই তাদের মাঠ ছাড়তে হয়েছে।

প্রথমবারের মতো সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে লিগের ম্যাচে ভারতকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে শিরোপা জয়ের জন্য বড় বাধা পেরিয়ে গেছেন সাবিনা খাতুনরা।

বুধবার পুরুষ বিভাগেও ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে।