বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কটের ঘোষণা দেয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এ কারণে বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রথম দিন মাঠে বল গড়ায়নি।
কোয়াবের অনড় অবস্থান এবং ক্রিকেটারদের ম্যাচ বয়কটের কারণে চলমান বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিসিবি। বৃহস্পতিবার রাতেই আনুষ্ঠানিক ভাবে ফ্রাঞ্চাইজিদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড।
ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। তবে শর্ত জুড়ে দিয়েছিল, যদি আজকের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফেরে, তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেওয়া হবে।
এ দিন দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সন্ধ্যা ৬টায় মিরপুরে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল।
দুপুরে খেলা শুরু না হলেও বেশ কিছু দর্শক গ্যালারিতে প্রবেশ করেছিলেন। আরও অনেক দর্শক গেইটের বাইরে অপেক্ষায় ছিলেন। তবে বিসিবি ক্রিকেটারদের মাঠে না আনতে পারায় খেলা শুরু করতে পারেনি। দর্শকদের উদ্দেশে তখন জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা দেয় তারা।
বিসিবি লিখে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুঃখের সঙ্গে জানাচ্ছে যে আজকের চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস দলের মধ্যকার ম্যাচটি অনিবার্য কারণবশত বিলম্বিত হয়েছে। এতে দর্শকদের যে অসুবিধা হয়েছে, তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তরিকভাবে দুঃখিত এবং সকল দর্শককে অনুরোধ করছি ধৈর্য ধারণ করে আসনে অবস্থান করতে, কারণ ম্যাচটি যত দ্রুত সম্ভব শুরু করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।'
তবে একপর্যায়ে দর্শকরা ধৈর্য হারান। উত্তেজিত দর্শকদের নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্কলা রক্ষাকারী বাহিনী। দুপুরে দর্শকরা যখন মাঠে খেলার অপক্ষায় ছিলেন, তখন বনানীতে একটি হোটেলে সংবাদ সম্মেলন করে কোয়াব। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই সেখানে উপস্থিত ছিলেন। সেখানে ক্রিকেটাররা তাদের দাবিতে অনড় থাকেন।
ক্রিকেটারদের সেই সংবাদ সম্মেলনের পরই মাঠ থেকে ম্যাচের প্রস্তুতি বন্ধ করে দেয় বিসিবি। দর্শকরাও স্টেডিয়াম থেকে বের হয়ে যেতে থাকেন। দর্শকরা আজকের ম্যাচের যে টিকিট কেটেছিলেন সেটার অর্থ ফেরত পাবেন কি না বা এই ম্যাচ আবার পরবর্তীতে হবে কি না সে বিষয়ে কিছুই জানায়নি বিসিবি।
আরো পড়ুন: