মাঠে নামতে রাজি খেলোয়াড়রা, দিলেন নতুন শর্ত

মাঠে নামতে রাজি খেলোয়াড়রা, দিলেন নতুন শর্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬ ২১:২০

আপডেট: ১৬ জানুয়ারি, ২০২৬ ১০:৪৮

খেলার মাঠে শুক্রবার থেকেই ফিরতে রাজি আছেন ক্রিকেটাররা। তবে এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র পরিচালক এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকতে হবে।

বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কোয়াব বিবৃতিতে বলেছে, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি। নাজমুল ইসলামের পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা।

বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল দল এখন বিশ্বকাপে আছে, সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলির ওপর পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে যেহেতু বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব, সেই প্রক্রিয়া চলতে থাকবে।

বিবৃতিতে বলা হয়, পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি। বিসিবিকে জানিয়ে দিয়েছি, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শর্ত জুড়ে দিয়েছিল, যদি আজকের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফেরে, তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেওয়া হবে। এরপর বিসিবি থেকে বিপিএল বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিসিবি জানিয়েছে, রাতেই আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজিদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড।