বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ঘিরে সৃষ্ট পরিস্থিতি কিছুটা প্রশমিত হওয়ায় শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ঢাকা পর্ব। ক্রিকেটারদের বয়কটের ডাকে বৃহস্পতিবার বিপিএলের দুই ম্যাচ মাঠে গড়াতে পারেনি।
ফলে বৃহস্পতিবারের ম্যাচ দুটো মাঠে গড়াবে আজ (শুক্রবার)। যারা ১৬ জানুয়ারির দুটি ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন, তারা সেই টিকিটে আজ খেলা দেখতে পারবেন। আর বৃহস্পতিবার খেলা দেখতে যারা টিকিট কেটেছিলেন তারা টাকা ফেরত পাবেন বলে ঘোষণা দিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রয়ালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হওয়ার কথা ছিল। যা যথাক্রমে আজ দুপুর ২টা এবং সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে শুক্রবার এবং শনিবারের দুটি ম্যাচও। অর্থাৎ, পূর্বনির্ধারিত সূচিতে থাকা ১৬ জানুয়ারির দুই ম্যাচ ১৭ জানুয়ারি ও ১৭ জানুয়ারির দুই ম্যাচ ১৮ জানুয়ারি মাঠে গড়াবে। সে দিন শেষ হবে লিগপর্ব।
একই ভাবে পাল্টানো হয়েছে প্লে-অফের সূচি। লিগপর্বের পর একদিন ফাঁকা রাখতে ১৯ জানুয়ারির দুটি প্লে-অফ ম্যাচ ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে ২১ জানুয়ারিতে নির্ধারিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।
অর্থাৎ, উদ্ভূত পরিস্থিতিতে ফাইনালে ওঠার লড়াইয়ে দুটি দলকে পর পর দু’দিনই খেলতে হবে। এছাড়া, ২৩ জানুয়ারি ফাইনাল নির্ধারিত ছিল আগে থেকেই। সেটি অপরিবর্তিত রয়েছে।
আরো পড়ুন: