আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে ভারতে দল না পাঠানোর ব্যাপারে সরাসরি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অর্থাৎ, বাংলাদেশ নিজেদের আগের অবস্থানেই অনড়। এছাড়া, কেন খেলতে যেতে চায় না সেটাও বিস্তারিত জানিয়েছে বিসিবি। একইসঙ্গে আবারও ভারতের বাইরে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে শনিবার আইসিসির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকেলে শুরু হওয়া এই বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আরও তিন পরিচালক উপস্থিত ছিলেন। যেখানে আইসিসির একজন প্রতিনিধি সশরীরে এবং আরেকজন অনলাইনে যোগ দিয়েছিলেন।
এখন পর্যন্ত বাংলাদেশ তাদের অবস্থান থেকে একটুও নড়েনি। বিশ্বকাপের ম্যাচগুলো ভারত নয়, শ্রীলঙ্কায় খেলতে চায় বিসিবি। বোর্ডকে ভারতে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতেই ঢাকায় সফরে এসেছেন আইসিসির প্রতিনিধি।
বিশ্বকাপ শুরু হতে এখন তিন সপ্তাহেরও কম সময় বাকি। টুর্নামেন্ট শুরু হবে ০৭ ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে সমাধান না হলে পুরো বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়েই শঙ্কা তৈরি হতে পারে।
এই পরিস্থিতির শুরু হয় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বিসিসিআইয়ের নির্দেশে ছেড়ে দিতে বাধ্য হলে। মূলত তার আগে উগ্র ডানপন্থীদের রাজনৈতিক চাপের মুখে তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় বোর্ড।
এরপর বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে পরিস্থিতির উন্নতি হয়নি। আইসিসি প্রতিনিয়ত বাংলাদেশকে রাজি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ সফরে আসেন আইসিসির প্রতিনিধি।
Tag:
আরো পড়ুন: