বাংলাদেশ যদি ভারতে গিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থান থেকে না সরে, তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। আর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও একদিন সময় পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ ভার্চুয়াল এক সভায় বসেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, এই আলোচনায় অংশ নেওয়া বেশির ভাগ সদস্যই বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার পক্ষে মত দিয়েছে। আর বাংলাদেশ যদি না খেলে তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে কি না এই সিদ্ধান্ত নিতে আরও একদিন সময় পাচ্ছে বিসিবি।
আইসিসি বিসিবিকে তাদের চূড়ান্ত অবস্থান জানাতে আরও একদিনের সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না মিললে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
উল্লেখ্য, স্কটল্যান্ড ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির (ব্রিটেন রাজ পরিবারশাসিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল) পেছনে থেকে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
আইসিসি বোর্ডের গুরুত্বপূর্ণ এই বৈঠকে চেয়ারম্যান জয় শাহ ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ডসহ সব পূর্ণ সদস্য দেশের শীর্ষ প্রতিনিধিরা।
এছাড়া, আইসিসির শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তাদের মধ্যে সিইও সঞ্জোগ গুপ্ত, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইভেন্টস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা উপস্থিত ছিলেন। সহযোগী সদস্য দেশের প্রতিনিধি ও আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভও বৈঠকে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকা সফরে এসে বিসিবির সঙ্গে সরাসরি বৈঠক করেন এবং ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ দূর করার চেষ্টা করেন।
বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে এবং তাদের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি এবং শেষ গ্রুপ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে অনুরোধ করেছে তারা। দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও এ সমস্যার সমাধান করতে পারেনি আইসিসি।
Tag:
আরো পড়ুন: