ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার ইস্যুতে সরগরম হয়ে উঠে ক্রীড়াঙ্গণ। নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে অংশ নিতে অনীহা জানায় বাংলাদেশ। ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে তাতে আশানুরুপ কোনো সাড়া মেলেনি। আইসিসি জানায়, বাংলাদেশ যদি ভারতে গিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থান থেকে না সরে, তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। আর এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও একদিন সময় পাচ্ছে বিসিবি।
এমন প্রেক্ষিতে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশ নিতে রাজি নয় বাংলাদেশ। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য জানান।
তিনি বলেন, 'সরকারের সিদ্ধান্ত স্পষ্ট- বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না লিটন-তাসকিনদের।'
সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, 'আইসিসি আসল ঘটনা বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের বোঝানোর চেষ্টা করা...যে ঘটনাটা ঘটেছে মোস্তাফিজের ক্ষেত্রে, আমরা এটার জন্য সরি, আমরা ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, সাংবাদিক, খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই। ফলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নাই।'
ক্রিকেটারদের সঙ্গে আলাপ নিয়ে তিনি বলেন, 'আমি প্রথমেই বলেছি ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলব না। তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমার কোনো কথা তাদেরকে কী বলেছি সেটাও বলব না। শুধু এইটুক বলব কারণ এটা একটা প্রিভিলেজড কমিউনিকেশন। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি কি বলেছে সব আপনাদের বলব, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা, কনটেক্সটটা বলা। আমার কাছে মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে। এটাই পারপাস ছিল আর কিছুই না। আর তারা কী বলেছে সেটা বলার অধিকার আমার নাই।'
Tag:
আরো পড়ুন: