ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির স্বাধীন কমিটির কাছে বিসিবির চিঠি

ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসির স্বাধীন কমিটির কাছে বিসিবির চিঠি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬ ১৭:১৭

আপডেট: ২৩ জানুয়ারি, ২০২৬ ১৮:৩৭

ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বেধে দেয়া সময় শেষ হয়েছে। বিসিবিও জানিয়েছে তারা ভারতে দল পাঠাবে না। শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)'র স্বাধীন কমিটিতে আবার ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে চিঠি দিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার বিকেলে ক্রিকেটারদের সঙ্গে সভার পর যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’

এরপরই নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে আইসিসিতে চিঠি দিয়ে বিসিবি অনুরোধ করেছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। সাধারণত আইসিসির কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই কমিটি সেটির সুরাহা করে।

সূচি অনুযায়ী, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের কলকাতা ও মুম্বাইয়ে। কিন্তু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে গত ০৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এরপরই নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে সহ-আয়োজক শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ করে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। তবে নানা আলোচনার পর আইসিসি তাদের অনুরোধ ফিরিয়ে দেয়।