টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিশ্বকাপ কাভার করতে ভারত ও শ্রীলংকা সফরে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যেসব সাংবাদিক আইসিসির অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছেন তাদের সেই আবেদন বাতিল করে দিয়েছে আইসিসি।
সোমবার সন্ধ্যায় পাঠানো ই-মেইলে বাংলাদেশি সাংবাদিকদের প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়েছে আইসিসি।
এ ব্যাপারে ১৩টি আইসিসির ইভেন্ট কাভার করা সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশের সাংবাদিকদেরও আইসিসি বয়কট করেছে! এ রকম ঘটনা সাধারণত ঘটে না। বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলেনি, তখনো কিন্তু বাংলাদেশের সাংবাদিকেরা বিশ্বকাপ কাভার করেছেন। বোঝাই যাচ্ছে যে, বাংলাদেশের ওপর তারা কতটা ক্ষুব্ধ। সেই জায়গা থেকে পুরো বিষয়টাই হতাশাজনক।’
এ ঘটনায় পাকিস্তানি সাংবাদিক শাকির আব্বাসি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেট সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রদানে আইসিসি অস্বীকৃতি জানিয়েছে, এটা অন্যায়। বাংলাদেশি সাংবাদিকদের অন্তত শ্রীলংকায় ম্যাচ কাভার করার অনুমতি দেওয়া উচিত।’
আরো পড়ুন: