পাকিস্তান বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে খেলবে না

পাকিস্তান বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে খেলবে না
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:২০

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে, তবে ভারতের বিপক্ষের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

রোববার এক বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে অংশ গ্রহণের খবরটি নিশ্চিত করেছে দেশটির সরকার। পাকিস্তান সরকার বলেছে, 'পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।'

গত ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সে দিন তিনি জানান, সোমবারের আগেই পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। 

রোববার পিসিবি জানালো পাকিস্তান বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে খেলবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ০৭ ফেব্রুয়ারি (শনিবার)। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ দল। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই টাইগারদের বাদ দিয়েছে আইসিসি। অন্য বোর্ডগুলো ভারতের ভয়ে কথা না বললেও পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। 

এমনকি আইসিসির ভোটাভুটিতে একমাত্র পাকিস্তানই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের কথাও ভাবছিল পাকিস্তান। এ ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে তারা। আইসিসির নানা ধরনের শাস্তির কবলে পড়তে হবে তাদের। তাই বিশ্বকাপে অংশ নিলেও ভারত ম্যাচ বয়কট করবে।