শর্তসাপেক্ষে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

শর্তসাপেক্ষে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১২

আপডেট: ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাদ পড়া বাংলাদেশের পাশে শুরু থেকেই ছিল পাকিস্তান। বাংলাদেশকে সমর্থন জানাতে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতেই পিসিবি'র সাথে টানাপোড়েন শুরু হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)'র। আইসিসির পক্ষ থেকে সম্ভাব্য পরিণতির বিষয়ে সতর্ক করা সত্ত্বেও পাকিস্তান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আসন্ন বিশ্বকাপের ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। 

তবে এ অচলাবস্থা নিরসনের আভাস মিলেছে। এ জন্য পিসিবি আইসিসির কাছে তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে।

এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, আইসিসি'র সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিনটি দাবি পেশ করেছে।

সূত্রের খবর অনুযায়ী, রোববার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সাথে বৈঠকে এই অচলাবস্থা কাটাতে পিসিবি তিনটি দাবি পেশ করেছে। সেগুলো হলো- ১. বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ। ২. টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা। ৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার প্রদান।

সূত্র আরও জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কিছু পিসিবি কর্মকর্তা মত দিলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এই ব্যাপারে আগের অবস্থানেই আছেন। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তিনি।