টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কার ঝড়ে নতুন ইতিহাস ওয়েস্ট ইন্ডিজের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কার ঝড়ে নতুন ইতিহাস ওয়েস্ট ইন্ডিজের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২২:৩৯

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ব্যাটিং তাণ্ডব চালিয়ে এক ইনিংসে যৌথ ভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইট পর্বের ম্যাচে এই কীর্তি গড়ে ক্যারিবীয়রা।

ম্যাচে নির্ধারিত ১২০ বলে ৬ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ হিসেবে বিবেচিত হচ্ছে। ইনিংসজুড়ে তারা হাঁকায় ১৬টি চার ও ১৯টি ছক্কা- যার মাধ্যমে শুধু বাউন্ডারি থেকেই আসে ১৭৮ রান।

১৯টি ছক্কার মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ আগের যৌথ রেকর্ড স্পর্শ করে। এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে একই সংখ্যক ছক্কা হাঁকিয়েছিল নেদারল্যান্ডস দল।

দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সিমরন হিতমায়ার, রোভম্যান পাওয়েল এবং শেরেফানি রাদারফোর্ড। হিতমায়ার মাত্র ৩৪ বলে ৭টি চার ও ৭টি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৮৫ রান করেন, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

অধিনায়ক রোভম্যান পাওয়েল ৩৫ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৫৯ রান যোগ করেন। ইনিংসের শেষ দিকে দ্রুত রান তোলেন শেরেফানি রাদারফোর্ড, যিনি ১৩ বলে তিনটি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন।