কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ডিফেন্স ফোর্স এফসির বিপক্ষে ঐতিহাসিক পারফরম্যান্স করেছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কাভান সুলিভান।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুবারু পার্কে রাউন্ড ওয়ান ফাইনালে ৭-০ গোলের জয়ে প্রথমবার সিনিয়র দলের হয়ে জোড়া গোল করলেন এবং দুটি অ্যাসিস্টও রয়েছে। দুই লেগে ১২-০ গোলের অগ্রগামিতায় শেষ ষোলো নিশ্চিত করল ফিলাডেলফিয়া।
প্রথম গোলে একটি ইতিহাসও গড়েছেন ১৬ বছর বয়সী সুলিভান। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ আমেরিকান গোলদাতা হয়েছেন তিনি।
১২তম মিনিটে স্টাস কোরজেনিওভস্কিকে দিয়ে গোল করান সুলিভান। তারপর বেন বেন্ডারকে দিয়ে ৫৩তম মিনিটে গোল করিয়েছেন। নিজেও দুটি গোল করেছেন ১২ মিনিটের ব্যবধানে। ৭৬ ও ৮৮ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন।
সুলিভান মায়ের সূত্রে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভুত। তার মায়ের নাম হেইকে। সুলিভানের নানী সুলতানা আলম বাংলাদেশি।
১৪ বছর বয়সে ঘরের ক্লাবের সঙ্গে চুক্তির পর থেকে সুলিভানের রেকর্ড গড়া শুরু। গত ১৭ জুলাই ইউনিয়নের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে আমেরিকান ফুটবলে ইতিহাস গড়েন তিনি। এবার ১৬ বছর, চার মাস ও ২৯ দিন বয়সে গোল করে বৃহস্পতিবার আরেকটি ইতিহাসের রচনা করলেন।
আরো পড়ুন: