বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাওয়া নারীদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টুর্নামেন্ট তিন মাস পিছিয়ে জুলাই মাসে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচি অনুযায়ী টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এবং জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।
এর আগে বিসিবি প্রাথমিক ভাবে ৪ এপ্রিল টুর্নামেন্ট শুরু করে ১৪ এপ্রিল ফাইনাল আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেছিল। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের প্রস্তুতি, বিদেশি ক্রিকেটার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক ক্রিকেট সূচির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার বিষয় বিবেচনায় নিয়ে সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।
বিসিবি জানিয়েছে, সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলগুলোকে স্কোয়াড গঠন, বিদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ করা এবং সার্বিক প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় দেওয়াই মূল উদ্দেশ্য।
এছাড়া, আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারও এই পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ কারণ। চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্ট শেষে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ বাড়বে বলে মনে করছে বোর্ড।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ডব্লিউবিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিনটি ভেন্যুতে- বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, চট্টগ্রাম এবং ঢাকায়। উদ্বোধনী ম্যাচ হবে বগুড়ায়, আর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ নারী ক্রিকেটের উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যেই প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে যাচ্ছে বিসিবি।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, সময় পিছিয়ে দেওয়া হলেও এটি দলগুলোর প্রস্তুতি এবং টুর্নামেন্টের মান বাড়াতে সহায়ক হতে পারে।
Tag:
আরো পড়ুন: