১২৮ বছরের দীর্ঘ বিরতির পর আবারও অলিম্পিক মঞ্চে ফিরতে যাচ্ছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছে, যা খেলাটির জন্য এক ঐতিহাসিক পুনরাগমনের ইঙ্গিত দিচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনা এলাকার ফেয়ারগ্রাউন্ডসে নির্মাণাধীন অস্থায়ী স্টেডিয়ামে অলিম্পিক ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রায় ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই ভেন্যুতে পুরুষ ও নারী বিভাগে টি-টোয়েন্টি ফরম্যাটে ছয়টি করে দল অংশ নেবে।
১৯০০ সালের পর প্রথমবারের মতো অলিম্পিকে ফিরছে ক্রিকেট, যা বিশ্ব ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ক্রিকেটকে বৈশ্বিক পর্যায়ে আরও ছড়িয়ে দিতে অলিম্পিকে অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি আশা প্রকাশ করেন, এই ভেন্যু যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারে বড় ভূমিকা রাখবে এবং অলিম্পিক চলাকালে এটি অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।
অলিম্পিকের আগে স্টেডিয়ামটি প্রস্তুত করতে চলতি বছর সেখানে মেজর লিগ ক্রিকেটের তিনটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা ১ থেকে ৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।
এছাড়া ভবিষ্যতে এখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচ আয়োজনের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুন: