আইসিসির শাস্তির মুখে দুই বাংলাদেশি ক্রিকেটার

আইসিসির শাস্তির মুখে দুই বাংলাদেশি ক্রিকেটার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১৭:০৬

রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য নাহিদা আক্তার ও সারমিন সুলতানা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এই দুই ক্রিকেটারকে তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেকের আমলনামায় যোগ করা হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে এবং প্রত্যেককে একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে।

গত ২৪ মাসে এটি তাদের প্রথম অপরাধ হওয়ায় অতিরিক্ত কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

আইসিসির লেভেল-১ আচরণবিধির পৃথক দুটি ধারা লঙ্ঘনের অভিযোগে এই শাস্তি দেওয়া হয়। ম্যাচের ১৭তম ওভারে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর নাহিদা আক্তার অতিরিক্ত উদযাপন করেন, যা আচরণবিধি অনুযায়ী অপ্রয়োজনীয় উদ্দীপনামূলক সেলিব্রেশন হিসেবে বিবেচিত হয়েছে।

অন্যদিকে ১৬তম ওভারে এলবিডব্লিউ হয়ে আউট হওয়ার পর সারমিন সুলতানা মাঠ ছাড়তে দেরি করেন এবং আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন, যা আম্পায়ারের প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে গণ্য হয়।

ম্যাচ চলাকালীন অনফিল্ড আম্পায়ার ইলোইজ শেরিডান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানী সরকার এবং চতুর্থ আম্পায়ার সাথীরা জাকির জেসি ওই দুই ক্রিকেটারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করেন। পরবর্তীতে ম্যাচ রেফারি সুপ্রিয়া রানী দাসের কাছে নাহিদা ও সারমিন নিজেদের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন। তারা সরাসরি দায় স্বীকার করায় এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।